মোঃ বাকি বিল্লাহ
মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার কানাইনগরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মৃত সাইদুর রহমানের বাড়িতে গভীর রাতে কেরোসিন তেল ঢেলে বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে সপরিবারে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় ঘরে ছিলেন মৃত সাইদুর রহমানের বৃদ্ধা স্ত্রী জরিনা বেগম (৭৫), মেয়ে স্বপ্না আহম্মদ (৩৮) এবং তাঁর তিন শিশু সন্তান।
এ ঘটনায় বুধবার (৯ অক্টোবর, ২০২৫) মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত সেনা কর্মকর্তার মেয়ে স্বপ্না আহম্মদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর (বুধবার) রাত অনুমানিক ১০টার দিকে বাড়ির লোকজন খাওয়া-দাওয়া শেষে বসতঘরের গ্রিলে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ৯ অক্টোবর ভোর ৪টার দিকে কেরোসিন তেলের তীব্র গন্ধে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়।
তারা উঠে লক্ষ্য করেন, বসতঘরের বারান্দায় কেরোসিন তেল ঢালা হয়েছে এবং ঘরের মূল গ্রিলের দরজায় বাইরে থেকে তালা লাগানো। উঠানে একটি কেরোসিন তেলের জারও পড়ে ছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরের সদস্যদের জীবন্ত পুড়িয়ে মারার অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে।
মৃত সাইদুর রহমানের বৃদ্ধা স্ত্রী জরিনা বেগম (৭৫) সাংবাদিকদের জানান, কেরোসিন তেল ঢেলে গভীর রাতে তাঁকে ও তাঁর মেয়ে-নাতি-নাতনিদের মেরে ফেলার সম্পূর্ণ পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের।
তিনি আরও বলেন, “তেল ঢালার সময় দুর্বৃত্তদের শব্দ শুনে আমি ঘরের দরজা খোলার চেষ্টা করি। তখন তারা বুঝতে পেরে তালা মেরে দ্রুত পালিয়ে যায়।” তিনি সময়মতো শব্দ শুনতে পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।
ভুক্তভোগী স্বপ্না আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, “গত ০৮/১০/২০২৫ ইং তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকার পর থেকে অদ্য ০৯/১০/২০২৫ ইং তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকার মধ্যে যে কোনো সময়ে কে বা কাহারা আমাদের বসত ঘরে আগুন ধরাইয়া দেওয়ার অসৎ উদ্দেশ্যে বসত ঘরের বারান্দায় কেরোসিন তেল ঢেলে রাখে।”
এ বিষয়ে মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।