আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
২০% বাড়ি ভাড়াসহ ৪ দফার ন্যায্য দাবি আদায়ে এবং ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সিলেটের জকিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। জকিগঞ্জ উপজেলার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ঢাকায় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি জানান। একইসাথে, দীর্ঘকাল ধরে অবহেলিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচি থেকে উত্থাপিত মূল চারটি দাবি হলো:
১. বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া নির্ধারণ করতে হবে।
২. বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
৩. বেসরকারি এমপিওভুক্ত কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে।
৪. দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা সরকারি শিক্ষকদের তুলনায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরিহার্য।
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্ব ও অনুষ্ঠান বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ,ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ,গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো: মস্তাক আহমদ, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির,
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহিউদ্দীন হায়দার,থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার শিহাব উদ্দিন,ফুলতলি কামিল মাদ্রাসার শিক্ষক শামিম উদ্দীন ও হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হলে, ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।