ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চার বছর ধরে ভোগান্তি, ভাঙা রাস্তায় দুর্ভোগে ডোমারবাসী

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৬, ২০২৫
  • 169 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডোমার উপজেলা শহর থেকে ঐতিহ্যবাহী বসুনিয়া হাটে যাতায়াতের ৭ কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কটির সংস্কার কাজ চার বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে তিন বছর আগে চলে যাওয়ার পর চুক্তি বাতিল ও নতুন ঠিকাদার নিয়োগে জটিলতায় পড়ে পড়ে রয়েছে প্রকল্পটি। ফলে জরাজীর্ণ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ, আর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে তাদের জীবনে।

স্থানীয়রা জানান, ২০২১ সালের মাঝামাঝি সময়ে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু অংশের পাকা স্তর ভেঙে রেখে কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। বড় বড় গর্তের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে, প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

খাটুরিয়া গ্রামের ব্যবসায়ী আনছারুল ইসলাম (৫০) বলেন,উত্তরবঙ্গের অন্যতম ব্যবসাকেন্দ্র বসুনিয়া হাটে কৃষিপণ্য ও গবাদিপশু ক্রয়-বিক্রয়ের জন্য দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। কিন্তু সড়কটির বেহাল অবস্থার কারণে এখন অনেকেই আসতে চান না। এতে ব্যবসা কমে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরাও।”

তিনি আরও বলেন, “প্রায় চার বছর আগে প্রায় ২১ কোটি টাকায় সংস্কার কাজ শুরু হলেও কয়েক মাসের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে সমস্ত সরঞ্জাম সরিয়ে নেয়। জাল্লির মোড় থেকে ডোমার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা এখন একেবারেই চলাচলের অনুপযোগী।”

সদর ইউনিয়নের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “ঠিকাদার ভালো অংশের দিক থেকে ভেঙে কাজ শুরু করেছিল, কিন্তু ফেলে রেখে চলে যাওয়ায় এখন পুরো সড়কেই চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।”

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ৬.৭০ কিলোমিটার দীর্ঘ ডোমার-বসুনিয়া হাট সড়কটির সংস্কারের জন্য ২০২১ সালে দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ২২ কোটি ৭৩ লাখ টাকা। সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘মোজাহার এন্টারপ্রাইজের ইউনিক কনস্ট্রাকশন জেভি’ নামের প্রতিষ্ঠানটি ২০ কোটি ৯৯ লাখ টাকায় কাজটি পায়। সে বছরের ১৪ জুলাই কার্যাদেশ পেলেও ২০২২ সালের অক্টোবরের পর প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়।

কাজের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন জেভি-র প্রতিনিধি নিজাম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

ডোমার উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আলম বলেন,“আগের ঠিকাদার কাজ করতে অপারগতা প্রকাশ করায় তার চুক্তি বাতিল করা হয়েছে। বর্তমানে নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।”

এদিকে নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান,
“পূর্বের ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। যত দ্রুত সম্ভব নতুন দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় ২৪ কোটি টাকা ব্যয় হতে পারে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪