মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
রোববার (৩০ মার্চ) ইফতারের আগে উপজেলার পেরলি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তালেব শেখ ওই এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। আহতরা হলেন – একই এলাকার রউফ শেখের ছেলে বিল্লাল শেখ, লুৎফর শেখের ছেলে আকরাম ও জিন্নাত, রাজিব শেখ প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামরিলডাঙ্গা গ্রামে লস্কর ও শেখ বংশের মধ্যে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিলো। রোববার বিকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে ইঞ্জিন ভ্যান ও মোটর সাইকেল পারকিং নিয়ে দুই গাড়ির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামরিলডাঙ্গা বাজারের সুইচগেটের পাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদেরকে স্থানীয় খড়রিয়া বাজার ও নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে গেলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেব শেখকে মৃত ঘোষণা করেন। বাকীদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেখ বংশের লোকেরা লস্কর বংশের লোকদের বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর ও লুটপাট চলাচ্ছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন,‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’