মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়ায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাছিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টা। উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ রাশেদুজ্জামান, তিনি বলেন “কৃষি আমাদের অর্থনীতির মূল চাকা। তিনি বলেন বর্তমান সরকার কৃষক বান্ধব। আমরা চাই, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে আরও বেশি জমিতে রবি ফসল আবাদ করতে পারেন। এই জন্য তাদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব। আশা করছি, কালিয়ার মাঠে এবার সরিষা, গম ও সূর্যমুখীর বাম্পার ফলন দেখা যাবে।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম সভাপতির বক্তব্যে বলেন, “কালিয়ার কৃষকরা পরিশ্রমী ও সচেতন। আমাদের লক্ষ্য, এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। সরকারী প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা হবে। উপজেলা কৃষি অফিস মাঠপর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কৃষকরা জানান, “সরকারি সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। এবার কম খরচে বেশি জমিতে ফসল আবাদ করা সম্ভব হবে। আশা করি, ভালো উৎপাদন পেলে আমাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানানো হয়, ফসলভেদে কৃষকদের নির্ধারিত পরিমাণে ডিএপি সার, এমওপি সার এবং মানসম্মত বীজ সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া বা অন্যান্য কারণবশত বিতরণের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
উল্লেখ্য, “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচি উপজেলা কৃষি অফিস, কালিয়া, নড়াইল বাস্তবায়ন করেন।
মোঃরাসেল শেখ।
নড়াইল জেলা প্রতিনিধি
৩/১১/২০২৫