মো: হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, মেধা বিকাশ ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে শিক্ষা প্রেরণা ছাত্রকল্যাণ পরিষদ। একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষাভিত্তিক সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠানটি মনোহরদী উপজেলায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি, বৈষম্যহীন শিক্ষাবান্ধব সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই সংগঠনটির মূল লক্ষ্য। শিক্ষা, নৈতিকতা, সমতা ও মানবকল্যাণকে ভিত্তি করে তারা নিয়মিত বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রেরণা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে “শিক্ষা প্রেরণা হল কল্যাণ বৃত্তি পরীক্ষা–২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইং, শুক্রবার সকাল ৯টায় মনোহরদী উপজেলার অবস্থিত এল. কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় মনোহরদী উপজেলা থেকে প্রায় ২৫০ জন ছাত্রী-ছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
সংগঠন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নেতৃত্ব, নৈতিকতা, ইতিহাস, দেশপ্রেম ও মানবিকতা বিষয়ক সেমিনার, সচেতনতামূলক সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। স্থানীয় শিক্ষক, সুধীজন ও অভিভাবক মহল শিক্ষা প্রেরণা ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রেরণা ছাত্রকল্যাণ পরিষদ বর্তমানে তরুণদের একটি সংগঠিত শক্তি এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।