মো: হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) ।
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুন চর উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার (২৮ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দলের উদ্যোগে ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া। প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, “বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। কিন্তু আজ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না, সার ও বীজের জন্য হাহাকার করছে। বিএনপি সবসময় কৃষকের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে কৃষকদের সহযোগিতা করছি। বিএনপি ক্ষমতায় গেলে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেচ, সার, বীজসহ কৃষকের সব চাহিদা নিশ্চিত করা হবে। আপনারা হতাশ হবেন না—আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় কৃষকের কথাই ভাবছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ,ম কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা মহসিন কবির, চন্দন বাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস প্রধান, বড়চাপা ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদুল রহমান মাসুম, পৌর কৃষক দল নেতা ইমরান, বাবু, কালাম, খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল কাদিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।