মোঃ হুমায়ুন কবীর মৃধা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ- বন্দর খেয়া পারাপার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের আতঙ্কে ট্রলারের যাত্রীরা নদীতে ঝাঁপ দিয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নৌ থানা পুলিশের ওসি আমিনুল হক জানান, এমভি আখতার হোসেন-১ নামের একটি কার্গো জাহাজের সাথে সংঘর্ষের শঙ্কা দেখা দিলে ট্রলারে থাকা প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী আতঙ্কিত হয়ে পানিতে লাফ দেন। তবে আশপাশে থাকা মানুষ দ্রুত দুটি ট্রলারের সহায়তায় যাত্রীদের উদ্ধার করেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ব্যক্তি নিখোঁজ নেই। তবে কেউ নিখোঁজ হওয়ার অভিযোগ জানালে দ্রুত তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।