পাইকগাছায় ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন হত্যা মামলায় গ্রেফতার-২
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৫
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় দীর্ঘ ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় আইনশৃঙ্খলা বাহিনী দুই যুবককে গ্রেফতার করেছেন। রোববার দিবাগত রাতে থানার চলতি দায়িত্ব ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার (৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা, থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা বলেন, গ্রেফতারকৃতদের সোমবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরেরদিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন। যার নং-৭।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্ব ইদ্রিসুর রহমান জানান, সন্ধিগ্ধ দু'আসামীর জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

