নড়াইলে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ২০, ২০২৫

নড়াইলে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ ।মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:    

নড়াইলের কালিয়ায় প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন, সহকারী প্রকৌশলী, খালিদ আহমদ উসমানী, সহকারী প্রোগ্রামার, প্রস্ফুট মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ১৫৪০ জন প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল আমন ধানের ৫ কেজি বীজ ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এম ও পি ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়া কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা।

উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, "কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।"

কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমন চাষে উৎসাহিত হয়েছেন।


যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।