রাজৈরে সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ১৬, ২০২৫
মাহমুদুল হাসান রনি
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈরে মোঃ জামাল মুন্সি (৫০) নামে এক সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামাল একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি কালীবাড়ি বাজারে সিঙ্গারা-পুরির হোটেল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এসময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

