গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী শিশুকে হত্যা ,মায়ের আত্মহত্যার চেষ্টা
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৩, ২০২৫
রাতুল আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ
১০ দিন বয়সী কন্যা শিশুকে বাওড়ে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক পাষন্ড কিশোরী মা
রিয়া মন্ডল (১৭)। গতকাল বৃহস্পতিবার ২ অক্টোবররাত সাড়ে ৮টায় উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় এ ঘটনা ঘটে। রিয়া মন্ডল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মন্ডলের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত কন্যা শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি গোপালপুরের পশ্চিমপাড়া থেকে বের হন রিয়া। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে বর্নি মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকার ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বর্ণি বাওড়ে শিশুটিকে পানিতে ফেলে হত্যার পর নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন।
তখন বাওড়ে মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি রিয়াকে পানির মধ্যে ঝাঁপ দিতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাঁওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে এবং রিয়া মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনাটি নিয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে, মা রিয়া মন্ডল কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

